জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি আরও জোরালো করতে আনুষ্ঠানিকভাবে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নিজের নতুন উদ্যোগ নিয়ে জয়া জানান, এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে তার অভিনয়জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা এবং কাজের বিভিন্ন ধাপের গল্প।
এর পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসবে ভিডিওতে, যা এতদিন ভক্তদের কাছে অজানাই ছিল। প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও এই চ্যানেলে তুলে ধরবেন বলে জানা গেছে।
জয়া আরও জানিয়েছেন, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো ইউটিউবেও ভক্তদের সক্রিয় অংশগ্রহণ চান। তাদের মতামত এবং গঠনমূলক মন্তব্য এই নতুন উদ্যোগে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
এদিকে জয়া আহসান ভিন্নমাত্রার ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’ উপস্থাপনা করছেন। সিরিজটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী, যেখানে দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের ভিন্নতা তুলে ধরা হচ্ছে।