ইরানের কারাগারে হার্ট অ্যাটাকের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির একটি হাসপাতালে ইরানি এই নোবেলজয়ী চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার তার পরিবারের পরিচালিত একটি ফাউন্ডেশন জানিয়েছে।
নিজের নামে প্রতিষ্ঠিত ইরানি এই নোবেলজয়ীর সংস্থা নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, নোবেলজয়ী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটায় শনিবার তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। রয়টার্স।
গত বৃহস্পতিবার নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরওয়েজীয় নোবেল কমিটির সেক্রেটারি।
তিনি বলেছিলেন, কারাগারে হার্ট অ্যাটাকের পর ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে। ৫০ বছর বয়সি মোহাম্মদি ইরানে নারীদের অধিকার রক্ষা এবং মৃত্যুদণ্ড বিলোপের আন্দোলনে সংশ্লিষ্ট থাকাকালীন ২০২৩ সালে কারাবন্দি অবস্থায় নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
বিবৃতিতে নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন বলেছে, শারীরিক অবস্থার মারাত্মক অবনতির পর নার্গিস মোহাম্মদিকে জরুরি ভিত্তিতে জানজান শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি দুই দফায় সম্পূর্ণ জ্ঞান হারিয়েছিলেন এবং গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
/এসএকে