বাংলাদেশের সামনে লাল বলের চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ হতে না হতেই এবার লাল বলের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ

2026-05-04T02:40:10+00:00
2026-05-04T02:40:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের সামনে লাল বলের চ্যালেঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:৪০ এএম 
নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ হতে না হতেই এবার লাল বলের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস আর টি-টোয়েন্টিতে সমতায় শেষ করার অভিজ্ঞতা নিয়েই নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়াচ্ছে টাইগাররা। 

এরই মধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দুই ধাপে বাংলাদেশে এসেছে শান মাসুদের দল।

রোববার রাতে যখন নিউজিল্যান্ড দল দেশে ফেরার প্রস্তুতিতে, ঠিক তখনই ঢাকায় পৌঁছান মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিরা। তবে সূচির ঘনত্ব সত্ত্বেও খুব বেশি চাপে পড়তে হচ্ছে না বাংলাদেশকে। টি-টোয়েন্টি স্কোয়াডের কয়েকজন যেমন লিটন দাস ও তানজিদ হাসান টেস্ট দলেরও অংশ, আর বাকিরা আগে থেকেই অনুশীলনে ছিলেন। 

এমনকি শেষ টি-টোয়েন্টি ম্যাচের দিনও টেস্ট দলের ক্রিকেটাররা একাডেমি মাঠে প্রস্তুতি চালিয়ে গেছেন। এদিকে পিএসএল ফাইনাল খেলতে যাওয়া নাহিদ রানাও বুধবার সকালে পাকিস্তান দলের সঙ্গেই দেশে ফিরবেন। ফলে টেস্ট স্কোয়াড প্রায় পূর্ণ শক্তিতেই প্রস্তুত হবে প্রথম ম্যাচের আগে।

পাকিস্তান দল এবার এসেছে বেশ কিছু নতুন মুখ নিয়ে। স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন আবদুল্লাহ ফাজাল ও আজান আওয়াইজ- দুজনই প্রতিশ্রুতিশীল ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ফাজাল ২৫ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৮২৮ রান করেছেন, আর আজান ৩৩ ম্যাচে ১০ সেঞ্চুরিতে ২৬৭৩ রান করেছেন ৪১.৫৪ গড়ে। 

এ ছাড়া দলে আছেন অলরাউন্ডার আমাদ বাট ও উইকেটকিপার-ব্যাটসম্যান গাজি ঘোরি। বাট ৬৪ ম্যাচে ২০৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর।

বাংলাদেশ সফরের আগে করাচিতে বিশেষ ক্যাম্প করেছে পাকিস্তান। দলের কোচিং স্টাফেও আছে নতুনত্ব- প্রধান কোচ হিসেবে দায়িত্বে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, ব্যাটিং কোচ আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে আছেন উমর গুল।

সাম্প্রতিক ইতিহাস অবশ্য বাংলাদেশকেই বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। যদিও তার আগে ১৩ ম্যাচে জয়হীন ছিল বাংলাদেশ, তবু সেই সিরিজ জয়ের স্মৃতি এবার নতুন লড়াইয়ের অনুপ্রেরণা। ঘরের মাঠে খেলা বলে টাইগার পেসার তাসকিন আহমেদও বেশ আশাবাদী। গত নিউজিল্যান্ড সিরিজে উইকেট যেমনটা দেখা গেছে, তেমনটা হলে ভালো কিছু হবে বলে মনে করছেন এই পেসার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি ড্র ও একটি হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে বাংলাদেশ। তাই এই সিরিজে ভালো ফল করে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগও থাকছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ঘরের মাঠে নতুন চ্যালেঞ্জে নামার আগে প্রস্তুতি, আত্মবিশ্বাস আর সাম্প্রতিক সাফল্য- সবমিলে বেশ ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতা টেস্ট অঙ্গনেও ধরে রাখতে পারবে কি না সেটি সময় বলে দেবে।

/এসএকে


  বিষয়:   বাংলাদেশ  চ্যালেঞ্জ  খেলা  নিউজিল্যান্ড  বিপক্ষ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: