দীর্ঘ অনিশ্চয়তা, ক্লাবগুলোর টানাপড়েন আর সূচি জট কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। জাতীয় দলে ওঠার সিঁড়ি হিসেবে পরিচিত এই লিগ শুধু প্রতিভা গড়ার মঞ্চই নয় বরং প্রায় দুই শতাধিক ক্রিকেটারের জীবিকার প্রধান অবলম্বনও। সেই ডিপিএলই শুরু হচ্ছে আজ, নতুন কাঠামো আর নতুন প্রত্যাশা নিয়ে।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগে কাঠামোয় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের অ্যাডহক কমিটির সিদ্ধান্তে এবার সুপার লিগ বা রেলিগেশন লিগ ছাড়াই অনুষ্ঠিত হবে পুরো প্রতিযোগিতা। সংশোধিত সুচি অনুযায়ী মোট ম্যাচ হবে ৬৬টি, যা আগের চেয়ে তিনটি কম। যদিও আলাদা রেলিগেশন পর্ব থাকছে না, তবুও লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের তলানির দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। আর শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন।
ঢাকা লিগের গুরুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখান থেকেই উঠে এসেছেন দেশের অনেক তারকা ক্রিকেটার। একসময় এই লিগে খেলতে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদেরও। তবে সময় বদলেছে, এখন এই লিগ অনেক ক্রিকেটারের জন্য শুধু স্বপ্ন নয়, প্রয়োজনও।
এই বাস্তবতাই তুলে ধরেছেন জাতীয় দলের মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার তাওহীদ হৃদয়। তিনি বলেন, প্রত্যেকটা ক্রিকেটারের জন্য টুর্নামেন্ট খেলাটা অনেক জরুরি ছিল।
নিচের স্তরের ক্রিকেটারদের দুঃখটাও সামনে আনেন তিনি, ‘আপনি যদি দেখেন যে, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের প্লেয়াররাও খেলতে পারেনি। আমরা প্রিমিয়ার লিগের কিছু প্লেয়ার ফার্স্ট ক্লাস খেলি, আর ঘরোয়াতে কোনো না কোনো টুর্নামেন্ট খেলি। যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে থাকে, তারা খেলতে পারছে না। তাদের জন্য অবশ্যই এটা একটু কষ্টের বিষয়।
ক্রিকেটারদের আর্থিক বাস্তবতাও স্পষ্ট করেছেন হৃদয়, আমার মনে হয় অনেক প্লেয়ার আছে যারা ওই টুর্নামেন্টটা খেলে পরিবার চালায়। আশা করছি যে, তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দেবে বিসিবি। আর এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল। যদি টুর্নামেন্ট না হয়, সে ক্ষেত্রে প্লেয়ারদের যেমন একটা সুযোগ নষ্ট হয়, তেমনি ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না।
নিজের দল নিয়েও আত্মবিশ্বাসী এই ব্যাটার, ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে এবার নেতৃত্ব দেওয়া হৃদয় বলেন, আমরা ভালোই দল করেছি। এখন কাগজে কলমে ভালো দল অনেক আছে, ভালো হয়েছে আমাদের দলটাও। দিনশেষে মাঠে যে দলটা ভালো পারফর্ম করবে, সেই দলটাই তাদের জন্য ফলাফলটা আনবে।
নতুন ফরম্যাটে শুরু হওয়া এবারের ডিপিএল শুধু শিরোপার লড়াই নয়- এটি হবে টিকে থাকা, প্রমাণ করা এবং নতুন তারকা খুঁজে পাওয়ার মঞ্চ। এখন নজর মাঠের লড়াইয়ে, যেখানে প্রতিটি ম্যাচই হতে পারে কারও ক্যারিয়ার বদলে দেওয়ার গল্প।
/এসএকে