মাদারীপুরের শিবচরে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। প্রায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা ধরে আত্মহত্যার হুমকি দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেন তিনি। শেষমেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
রোববার (৩ মে) সন্ধ্যার পর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এই রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসানের সাথে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। বিষয়টি মানসিকভাবে মেনে নিতে না পেরে হাসান প্রেমিকার বাড়ির পাশে থাকা উচ্চক্ষমতার একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন।
টাওয়ারে আরোহণ করে হাসান মুঠোফোনে প্রেমিকার সাথে যোগাযোগ করেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার আকুতি জানান। তিনি হুমকি দেন, ‘প্রেমিকা নিচে এসে দেখা না করলে তিনি সেখান থেকে লাফিয়ে পড়ে জীবন বিসর্জন দেবেন।’ এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শত শত উৎসুক জনতা ভিড় জমায়।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে হাসানের এক বন্ধু তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে নানা কৌশলে তাকে বোঝানোর চেষ্টা চালানো হয়। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার উৎকণ্ঠা শেষে রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় তিনি নিচে নামতে রাজি হন।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, ‘দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে বোঝানোর পর তাকে নিরাপদে নামিয়ে আনা হয়।’ উদ্ধারের পর হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/কহু