পশ্চিমবঙ্গসহ গোটা ভারতবর্ষ যখন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে টানটান উত্তেজনায় মগ্ন, ঠিক তখনই এক বিষাদময় সংবাদ নিয়ে হাজির হলেন টালিউড সুপারস্টার ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী, তার অত্যন্ত আদরের পোষ্য ‘লাকি’ পরলোকগমন করেছে। মঙ্গলবার (৪ জুন) সকালে সামাজিক মাধ্যমে এই শোকবার্তা শেয়ার করেন অভিনেতা।
আজ সকাল থেকেই যখন ঘাটাল লোকসভা আসনসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ভোটের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন দেবের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠল এক ভিন্ন চিত্র। প্রিয় বন্ধুর সাথে কাটানো একটি মুহূর্তের ছবি পোস্ট করে দেব অত্যন্ত আবেগঘন কণ্ঠে লিখেছেন, ‘তুমি আমার জীবনে ঘটা সেরা জিনিস। শান্তিতে থেকো লাকি। তাড়াতাড়ি ফিরে এসো।’
দেবের পারিবারিক সূত্রে জানা গেছে, লাকি কেবল একটি পোষ্য ছিল না, বরং গত দশ বছর ধরে সে ছিল পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য। শুটিংয়ের ক্লান্তি কিংবা রাজনীতির ময়দানের উত্তপ্ত লড়াই শেষে বাড়ি ফিরলেই লাকি ছিল তার পরম আশ্রয়ের জায়গা। প্রায়শই সামাজিক মাধ্যমে লাকির নানা খুনসুটির ছবি ও ভিডিও ভক্তদের সাথে ভাগ করে নিতেন দেব। আজ সেই সঙ্গীর চিরবিদায় যেন রাজনৈতিক জয়-পরাজয়ের সমীকরণকেও ম্লান করে দিয়েছে।
প্রিয় পোষ্যের বিদায়ে দেবের এই মানসিক বিপর্যয়ে সমবেদনা জানিয়েছেন তার অগনিত ভক্ত ও টালিউড জগতের সহকর্মীরা। অনেকেই মন্তব্য করেছেন, অবলা প্রাণীর প্রতি দেবের এই নিঃস্বার্থ ভালোবাসা সর্বজনবিদিত। নির্বাচনী বৈতরণী পার হওয়ার এই চূড়ান্ত মুহূর্তে এমন ব্যক্তিগত ক্ষতি অভিনেতাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
উল্লেখ্য, অভিনেতা ও সাংসদ হিসেবে দেবের পশুপ্রেম নতুন কোনো বিষয় নয়। লাকি ছাড়াও তার পরিবারে ‘হ্যাপি’ নামে আরও একটি পোষ্য রয়েছে। দীর্ঘদিনের সহচরকে হারিয়ে এখন শোকাতুর এই তারকা সাংসদ।
/কহু