কোরীয় উপদ্বীপের চরম উত্তজনা ও বৈরী সম্পর্কের বরফ গলিয়ে দীর্ঘ ছয় বছর পর দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছে উত্তর কোরিয়ার একটি অ্যাথলেট দল। এ মাসের শেষদিকে উত্তর কোরিয়ার নারী ফুটবল দল ‘নাগোহিয়াং’ সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় পা রাখবে। ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকের পর এই প্রথম পিয়ংইয়ংয়ের কোনো ক্রীড়া দল সিউলে এমন বিরল সফরে যাচ্ছে।
এশিয়ান উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগামী ২০ মে দক্ষিণ কোরিয়ার ক্লাব ‘সুওন’-এর মুখোমুখি হবে উত্তর কোরিয়ার ‘নাগোহিয়াং’। কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের হো চি মিন সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি। এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ইতোমধ্যে ২৭ জন খেলোয়াড় ও ১২ জন স্টাফসহ ৩৯ সদস্যের একটি তালিকা পিয়ংইয়ং পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়।
বিবিসি নিউজে বলা হয়, এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির চেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক চরম অবনতির দিকে গিয়েছিল। এমনকি উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়াকে তাদের ‘সবচেয়ে শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে এবং পুনর্মিলনের আশা ত্যাগ করার কথা জানিয়েছে। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হলেও কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় দেশ দুটি টেকনিক্যালি এখনও যুদ্ধাবস্থায় রয়েছে।
আগামী ২০ মে সেমিফাইনাল জয়ী দলটি আগামী ২৩ মে সুওনেই অনুষ্ঠিতব্য মেগা ফাইনালে মুখোমুখি হবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে মেলবোর্ন সিটি অথবা টোকিও ভার্ডি দলের মধ্যকার বিজয়ীরা।
/কহু