কলকাতা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ‘কলকাতা বন্দর’-এ আবারও নিজের আধিপত্য বজায় রেখেছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ও বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যজুড়ে বিজেপির তীব্র ঝোড়ো হাওয়ার মধ্যেও এই আসনে তৃণমূলের দুর্গে ফাটল ধরাতে পারেনি গেরুয়া শিবির। গণনার শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ফিরহাদ।
বেলা ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিরহাদ হাকিম ৪২,৩৭৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংকে অনেক পেছনে ফেলে দিয়েছেন। রাকেশ সিং এখন পর্যন্ত পেয়েছেন মাত্র ৪,৫১৭ ভোট। অর্থাৎ, ৩৭,৮৫৬ ভোটের বিশাল ব্যবধানে লিড নিয়ে জয়ের পথে এগিয়ে চলেছেন তৃণমূলের এই অভিজ্ঞ নেতা।
কলকাতা বন্দর আসনটি মূলত তৃণমূলের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালের নির্বাচনে ফিরহাদ হাকিম এখানে ৬৮,৫৫৪ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারও সেই ধারাই অব্যাহত রয়েছে। অন্যদিকে, বিজেপি এই আসনে রাকেশ সিংকে প্রার্থী করে চ্যালেঞ্জ ছুড়লেও গণনার চিত্রে তার অবস্থান বেশ নড়বড়ে। কংগ্রেস প্রার্থী আকিব গুলজার এবং সিপিএমের ফয়জাদ আহমেদ খানও এই আসনে এখন পর্যন্ত বিশেষ সুবিধা করতে পারছেন না।
কলকাতা দক্ষিণ জেলার অন্তর্গত এই আসনে ফিরহাদ হাকিমের জয় প্রায় নিশ্চিত মনে হলেও রাজ্যজুড়ে তৃণমূলের জন্য পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কলকাতার অধিকাংশ আসনে ঘাসফুল শিবির নিজেদের দাপট বজায় রাখলেও সামগ্রিকভাবে রাজ্যের ক্ষমতা হস্তান্তরের এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, কলকাতা বন্দর আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
/কহু