এবারে পশ্চিবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট একতরফাভাবে তৃণমূল কংগ্রেস পায়নি, মুসলিম ভোটে ভাঙন ধরেছে, সেই কারণেই সংখ্যালঘু অধ্যুষিক এলাকাতেও বিজেপি এগিয়ে বলে মন্তব্য করেছেন ভবানীপুর ও নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী।
পশ্চিবঙ্গে প্রায় ২০০ এর কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। শুভেন্দু নিজে নন্দীগ্রাম আসন থেকে জিতছেন। ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই দুই আসন নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিক জেলায় বিজেপির এগিয়ে রয়েছে। মালদহে ১২টির মধ্যে ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর মুর্শিদাবাদে ২২টির মধ্যে ৮টিতে এগিয়ে রয়েছে তারা। পাশাপাশি উত্তর দিনাজপুরে ৯টি আসনের মধ্যে ৪টিতে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, এবারের নির্বাচনে রাজ্যের হিন্দু ভোট সংহত হয়েছে। অন্যদিকে মুসলিম ভোট ভাগ হয়েছে। একতরফাভাবে তৃণমূল সেই ভোট পায়নি। মুসলিমরা অনেক জায়গায় মুসলিম সমর্থক পার্টিকে ভোট দিয়েছেন। কিছু এলাকায় বিজেপিও মুসলিম ভোট পেয়েছে। নন্দীগ্রামের মুসলিম অধ্যুষিক বুথে বিজেপি ভালো ভোট পেয়েছে।
শুভেন্দু জানিয়েছেন, মুসলিম ভোট ব্যাংকে ভাঙনের জেরেই মুসলিম অধ্যুষিত জেলাতেও একের পর এক ভালো ফল করছে বিজেপি।
এবারের নির্বাচনের আগে তৃণমূল থেকে বেরিয়ে নতুন দল গড়েন হুমায়ুন কবীর। রেজিনগর ও নওদা থেকে তিনি প্রার্থী হয়েছেন। এই দুটি আসনে তিনি এগিয়ে রয়েছেন। গত নির্বাচনে এই এলাকায় মুসলিম ভোট তৃণমূলে ছিল। কিন্তু এবারের নির্বাচনে তাতে ভাঙন ধরেছে বলে মনে করা হচ্ছে।
সময়ের আলো/জেডআই