আর্সেনাল নাকি অ্যাথলেটিকো, শেষ হাসি কার

ক্রীড়া ডেস্ক

খেলা

লড়াইয়ের প্রেক্ষাপটে গত সপ্তাহে মেট্রোপলিটানো স্টেডিয়ামে জয় কিংবা ড্র, এমনকি অল্প ব্যবধানে হারলেও আর্সেনালের জন্য খুব একটা ক্ষতি ছিল না।

2026-05-05T01:42:17+00:00
2026-05-05T01:45:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আর্সেনাল নাকি অ্যাথলেটিকো, শেষ হাসি কার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৪২ এএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ১:৪৫ এএম
সংগৃহীত ছবি
লড়াইয়ের প্রেক্ষাপটে গত সপ্তাহে মেট্রোপলিটানো স্টেডিয়ামে জয় কিংবা ড্র, এমনকি অল্প ব্যবধানে হারলেও আর্সেনালের জন্য খুব একটা ক্ষতি ছিল না। সেই হিসেবে প্রথম লেগের ১-১ গোলের সমতা আপাতদৃষ্টিতে একটি স্বস্তিদায়ক ফলাফল; যদিও ম্যাচ শেষে গানারদের শরীরী ভাষায় আক্ষেপ আর হতাশা ছিল স্পষ্ট। তবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে হার না মেনে ফেরা মোটেও ছোট কথা নয়। তাই চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজকের রাতে দুই দল আর্সেনাল-অ্যাথলেটিকো মাদ্রিদের সামনে সমান সুযোগ থাকছে ফাইনালে জায়গা করে নেওয়ার। 

চলতি মৌসুমে ইউরোপের এই মঞ্চে এখন পর্যন্ত অপরাজিত থাকা আর্সেনাল যদি দীর্ঘ ২০ বছরের আক্ষেপ ঘুচিয়ে ফাইনালে পৌঁছাতে পারে, তবে সেটি হবে তাদের টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার এক নতুন ক্লাব রেকর্ড। আর তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, মিকেল আর্তেতার শিষ্যরা সেই ইতিহাস গড়তে পুরোপুরি প্রস্তুত। গত শনিবারও ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেছে তারা। সাম্প্রতিক এটিই ছিল গানারদের অন্যতম নান্দনিক ফুটবল প্রদর্শনী।

ঘরের মাঠে স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে আর্সেনালের রেকর্ডও বেশ ঈর্ষণীয়। এমিরেটসে গত ১৫টি উয়েফা ম্যাচের মাত্র একটিতে হেরেছে। এমনকি মাস ছয়েক আগেই এই অ্যাথলেটিকোকে তারা ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল। এই বিপর্যয়ের পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে সিমিওনের দল, টানা সাত ম্যাচ জিতে লা লিগার শিরোপা দৌড়েও প্রাসঙ্গিক হয়ে উঠেছিল অ্যাথলেটিকো। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে এবার তাদের ঘরের মাঠের ভুলগুলো শুধরে নিতেই হবে, না হলে আরও একটি ট্রফিহীন মৌসুমের সাক্ষী হতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

লা লিগার শীর্ষ চারে থাকা নিশ্চিত হয়ে যাওয়ায় ডিয়েগো সিমিওনে এখন বেশ নির্ভার। সেই সুযোগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত শনিবারের লিগ ম্যাচে তিনি তার শুরুর একাদশে ১১টি পরিবর্তন আনেন। দ্বিতীয়ার্ধে কোকে ও গ্রিজম্যানকে নামাতে হলেও শেষ পর্যন্ত অ্যাথলেটিকোর এই ‘বি-টিম’ ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে। মার্চ-এপ্রিলের দুঃস্বপ্ন পেছনে ফেলে সঠিক সময়ে জয়ের ছন্দ খুঁজে পেয়েছে তারা। ইউরোপীয় টুর্নামেন্টে প্রথম লেগ ড্র করার পর পরের রাউন্ডে ওঠার দারুণ ইতিহাস আছে অ্যাথলেটিকোর। এবারও যদি তারা আর্সেনালের হৃদয় ভেঙে জয় ছিনিয়ে নিতে পারে, তবে পুসকাস অ্যারেনায় ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজি।

আর্সেনাল শিবিরে স্বস্তির খবর হলো, ফুলহ্যামের বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করা বুকায়ো সাকাকে তুলে নেওয়া হয়েছিল কেবল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। আজকের ম্যাচে তাকে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে। আর্তেতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজের ফিটনেস রিপোর্টের জন্য। অন্যদিকে অ্যাথলেটিকোর জন্য বড় আশার আলো জুলিয়ান আলভারেজ। চোট কাটিয়ে এই আর্জেন্টাইন তারকা এখন পুরোপুরি সুস্থ। প্রথম লেগে তিনি লিওনেল মেসির দ্রুততম ২৫ গোলের রেকর্ড ভেঙে (৪১ ম্যাচে) যে আত্মবিশ্বাস কুঁড়িয়েছেন, সেটিই উত্তর লন্ডনে সিমিওনের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে। যদিও পাবলো ব্যারিওস ও নিকো গঞ্জালেসের অনুপস্থিতি দলটিকে কিছুটা ভোগাতে পারে, তবে বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মন্ত্র সিমিওনের বেশ ভালোই জানা।


  বিষয়:   আর্সেনাল  অ্যাথলেটিকো  চ্যাম্পিয়ন্স লিগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: