নাটোরের সিংড়ায় স্ত্রী ও ছেলে মিলে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়। আটকরা হত্যার কথা স্বীকার করলেও কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
জিজ্ঞাসাবাদে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে বলে জানান সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম। সোমবার সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সোমবার স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে রুবেলের গলা কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।