বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম, ইসির বিজ্ঞপ্তি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সোমবার

2026-05-05T09:59:15+00:00
2026-05-05T09:59:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম, ইসির বিজ্ঞপ্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৫৯ এএম 
এনসিপি জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সোমবার (৪ মে) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। 

এর আগে আইনি জটিলতার কারণে তার মনোনয়নপত্র গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও উচ্চ আদালতের নির্দেশে সব প্রক্রিয়া শেষে তাকে চূড়ান্তভাবে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করেছে কমিশন। এই ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের সবকটির নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে হাইকোর্ট বিভাগের গত ২৭ এপ্রিলের এক আদেশের পরিপ্রেক্ষিতে। আদালতের নির্দেশনা মেনে গত ২ মে তার মনোনয়নপত্র পুনরায় বাছাই করা হয় এবং সেখানে তার প্রার্থিতা বৈধ বলে প্রমাণিত হয়। 

এর ফলে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(২) ধারা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। উল্লেখ্য যে, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের চেয়ে মাত্র ১৯ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে তার মনোনয়নপত্র শুরুতে গ্রহণ করা হয়নি, যার ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ জন সংসদ সদস্যের নামের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল। ওই সময় পর্যন্ত শূন্য পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। 

নুসরাত তাবাসসুম জ্যোতির আসনটি নিয়ে আইনি লড়াই চলায় তখন ৪৯ জনের নাম প্রকাশ করা হয়েছিল। এখন জ্যোতির নির্বাচনের মাধ্যমে জামায়াত ও এনসিপি জোটের মোট সংরক্ষিত নারী আসনের সংখ্যা দাঁড়াল ১৩টিতে।

কমিশন সূত্রে জানা গেছে, নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশের পর তা দ্রুত সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এর মাধ্যমেই ত্রয়োদশ সংসদের ৫০ জন সংরক্ষিত নারী সদস্যের শপথ গ্রহণের পথ প্রশস্ত হলো। নির্বাচিত সদস্যদের শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের রাজনৈতিক সমীকরণও পূর্ণতা পেল।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: