শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন জরুরি বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে রাজধানীর শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে জামায়াতে আমির বলেন, ‘সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।’
বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়।’
একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির জোর দিয়ে বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত— সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ।
/মহু