পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কা আসনে এক মাস আগেও যার ভোটার তালিকায় নামই ছিল না, সেই মোতাব শেখ এখন বিধায়ক। কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি প্রায় ৬৩ হাজার ভোট পেয়ে ৮ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন।
বিশেষ সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ পড়ায় তিনি সুপ্রিম কোর্টে যান। আদালতের রায়ে ভোটার তালিকায় নাম ফিরে পেয়ে মনোনয়ন জমা দেন— তাও শেষ সময়ের মাত্র একদিন আগে। এরপর মাত্র ১৪ দিন প্রচার চালিয়েই এই জয়।
পেশায় ঠিকাদার মোতাবের এটি প্রথম বিধানসভা নির্বাচন। তিনি বলেন, সব আশা হারিয়ে ফেলেছিলাম। ভাবিনি কখনো ভোট দিতে পারব। কিন্তু মানুষ আমাকে জিতিয়েছে—এটা আসলে জনগণের জয়।
এই আসনে তৃণমূল কংগ্রেস তৃতীয় এবং বিজেপি দ্বিতীয় হয়েছে। মোতাবের মতে, মানুষের ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষাই তার জয়ের মূল কারণ।
তিনি এখন এলাকার পানীয় জলের সমস্যা সমাধান এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের বিষয়টি নিয়ে কাজ করতে চান।