শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আর জঙ্গি কারখানা হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর হোটেল শেরাটনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।
তিনি বলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করবো না। তাদের স্বাধীনতা দেব। কিন্তু এমন স্বাধীনতা দেওয়া হবে না যে আরেকটা হলি আর্টিসান সৃষ্টি হয়। কিছুতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আর জঙ্গিদের কারখানা হতে দেবো না।
মালয়েশিয়া যদি রাতারাতি তাদের শিক্ষার পরিস্থিতি বদলাতে পারে, আমরা কেন পারব না বলে প্রশ্ন করেন তিনি।
তিনি আরও বলেন, মালয়েশিয়া যদি রাতারাতি তাদের শিক্ষার পরিস্থিতি বদলাতে পারে, আমরা কেন পারব না? আমরা চাইলেই শিক্ষা খাতে সবচেয়ে বেশি উপার্জন করতে পারি। আমি নকল করব তাদের যারা ভালো করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, শিক্ষাসচিব আবদুল খালেক, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষাবিদরা।
/ইউএমএইচ