কিংস অ্যারেনায় পাত্তাই পেল না ব্রাদার্স ইউনিয়ন। বসুন্ধরা কিংসের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ জামাল ভূঁইয়াদের। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল মুখোমুখি হয় দুই দল। কোয়ালিফায়ার পর্বে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন কিংস এবং ব্রাদার্সের ম্যাচটি ছিল একেবারেই ম্যাড়মেড়ে, নিষ্প্রাণ, একপেশে, প্রতিদ্বন্দ্বিতাহীন। ব্রাদার্সকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
ঘরের মাঠে দর্শকরা নড়েচড়ে বসার আগেই গোলের উৎসবে মাতে কিংস। তৃতীয় মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে শুরুতে এগিয়ে নেন সময়ের সেরা ফরোয়ার্ড রাকিব হোসেন। টানা বৃষ্টিতে কর্দমাক্ত মাঠেও কিংসের গতিময় ফুটবল সবার নজর কাড়ে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর গোল পরিশোধের চেষ্টা চালায় গোপীবাগের ক্লাবটি। কিন্তু তাদের সংঘবদ্ধ বেশ কয়েকটি আক্রমণ কিংসের রক্ষণ দেয়ালে বাধা পড়ে। এই অর্ধে কিংসও গোলের চেষ্টা চালায়। কিন্তু ব্রাদার্সের জমাট রক্ষণ দলকে এ যাত্রা গোলের হাত থেকে রক্ষা করে।
প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে বিশ্রামে যায় কিংস। তবে বিশ্রামের পর ভয়ংকররূপে ফেরে চ্যাম্পিয়নরা। দোরিয়েলতন গোমেজের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় ব্রার্দাস। মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোলে নাম লেখান দোরিয়েলতন। খেলার ৭১ ও ৭৩ মিনিটে গোল দুটি করেন তিনি। ৩-০ তে এগিয়ে থাকা কিংসের গোলযাত্রা তখনও থামেনি। ৮৮ মিনিটে সাব্বির দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন। ফলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস এবং শিরোপার মঞ্চে পা রাখে।
হারলেও ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়নি ব্রাদার্সের। দ্বিতীয় কোয়ালিফায়ারে জেতা দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারা। ১২ মে কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে কিংসের মতো গতকাল মাঠে নামে ঘরোয়া ফুটবলের আরেক শক্ত প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ গোলে জেতে আব্দুল কাইয়ুম সেন্টুর দল। জুয়েল রানায় জোড়া গোলে ম্যাচ জিতে নেয় সাদা-কালোরা।
শুরু থেকে রহমতগঞ্জকে চেপে ধরে মোহামেডান। গোল পেতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ২৮তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন জুয়েল রানা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া রহমতগঞ্জ চেষ্টা করেও সুবিধা করতে পারেনি। প্রথমার্ধের আক্রমণের ধারা দ্বিতীয়ার্ধে বজায় রাখে সাদা-কালোরা। ৫৩ মিনিটে নিজের জোড়া গোল এবং দলকে ২-০ তে এগিয়ে নেন। ৭৬ মিনিটে সৌরভ দেওয়ান গোল করে রহমতগঞ্জকে ৩-০ ব্যবধানের হারের তেঁতো স্বাদ নিতে বাধ্য করে।
বড় ব্যবধানে জিতেও শিরোপার মঞ্চে পা রাখতে পারেনি মোহামেডান। দলটিকে এখন তৃতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে। ব্রাদার্সকে ওই ম্যাচে হারাতে পারলে ফাইনালের টিকেট মিলবে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে প্রথম কোয়ালিফায়ার জেতা বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে এবার শুরু থেকে দুর্দান্ত কিংস। বি গ্রুপ থেকে ৪ ম্যাচ খেলে তাতে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নেয়। এই গ্রুপ থেকে রানার্স আপ হয় মোহামেডান। যদিও সাদা-কালোদের পয়েন্ট কিংসের সমান ছিল। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয় তারা। এ কারণে কোয়ালিফায়ার পর্বে জিতেও শুধু গ্রুপপর্বে রানার্স আপের কারণে তাদের এখন তৃতীয় কোয়ালিফায়ার খেলতে হচ্ছে।
২০২৩-২৪ মৌসুমে সবশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল কিংস-মোহামেডান। আরও একটি দ্বৈরথের সামনে দল দুটি। ১২ মে ব্রাদার্সকে হারাতে পারলেই স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে দেশের দুই ফুটবল জায়ান্ট।