ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর পথচলায় শেষ মুহূর্তে নাটকীয় এক ড্রতে হারের লজ্জা থেকে বেঁচে ফিরেছে ম্যানচেস্টার সিটি। এভারটনের ঘরের মাঠে সোমবার রাতে ৩-৩ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। শেষ সময়ে জেরেমি ডোকুর গোলটি সিটিকে ১ পয়েন্ট এনে দিলেও, ড্র করে ২ পয়েন্ট হারানো বড় এক ধাক্কা হয়ে দাঁড়িয়েছে শিরোপাপ্রত্যাশীদের।
ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ সিটির নিয়ন্ত্রণে। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানসিটি। দারুণ খেলা দলটি ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে জয়ের প্রহর গুনছিল। কিন্তু লিগের প্রতিটি পয়েন্ট যখন শিরোপার ভাগ্য নির্ধারণ করছে, ঠিক তখনই খেই হারিয়ে ফেলে সিটিজেনরা। ৬৮ থেকে ৮১ এই চৌদ্দ মিনিটের এক ঝড়ে তিন গোল হজম করে স্তব্ধ হয়ে যায় সফরকারীরা। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দল মুহূর্তেই ৩-১ গোলে পিছিয়ে গিয়ে মহাবিপদে পড়ে যায়।
যখন গ্যালারিতে সিটির সমর্থকদের বিষণ্নতা আর হারের শঙ্কা জেঁকে বসে, তখন আর্লিং হাল্যান্ড গোল করে ৩-২ ব্যবধান কমান। কিন্তু পরাজয়ের শঙ্কা তখনও কাটেনি। ম্যাচ যখন শেষের দিকে এগোচ্ছিল ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন জেরেমি ডোকু। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে নিশ্চিত হারের হাত থেকে রক্ষা করেন তিনি। ম্যাচে সিটির হয়ে প্রথম গোলটিও এসেছিল তার পা থেকেই।
এই ড্রয়ের ফলে লিগ টেবিলের সমীকরণ সিটির জন্য আরও জটিল হয়ে পড়ল। বর্তমানে ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে মিকেল আর্তেতার আর্সেনাল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে গার্দিওলার দলের সংগ্রহ ৭১ পয়েন্ট। ফলে শিরোপার ভাগ্য এখন আর কেবল সিটির নিজেদের হাতে নেই। ট্রফি ধরে রাখতে হলে এখন আর্সেনালের পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকা ছাড়া আর কোনো পথ খোলা নেই সিটির সামনে।
ডোকুর এই ত্রাণকর্তাসুলভ পারফরম্যান্সে পেপ গার্দিওলা স্বস্তির নিশ্বাস ফেললেও, পয়েন্ট হারানোর আক্ষেপ তিনি লুকাতে পারেননি। ম্যাচ শেষে সিটিজেন কোচ হতাশ কণ্ঠে বলেন, হারার চেয়ে এটা (ড্র) আরও বেশি হতাশার। তবে আমরা তো জিততেই চেয়েছি। আমরা জয়ের জন্যই খেলি এবং দেখিয়ে দিয়েছি যে, আমরা কতটা শক্তিশালী দল। সবকিছুই চেষ্টা করেছি আমরা, ছেলেরা মাঠে আক্রমণাত্মক ছিল। এখন এটা (শিরোপার লড়াই) আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন আর নেই। লিগে আমাদের চারটি ম্যাচ বাকি আছে। সেগুলো প্রায় একই রকম হবে এবং আমরা দেখব, কী হয়।