আগামী ১৭ মে থেকে লন্ডনে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী এই আয়োজনে বিশ্বের ১০টি দেশের ২৫টিরও বেশি চলচ্চিত্র অংশ নেবে। এতে বাংলাদেশের ছয়টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে সুমন ধর পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’, যাতে অভিনয় করেছেন পূজা চেরী ও শ্যামল মাওলা। উৎসবে বাংলাদেশের আরও পাঁচটি সিনেমার মধ্যে রয়েছে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’, জোবায়দুর রহমানের ‘উড়াল’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবং জাক মীরের ‘দ্য স্টোরি অব আ রক’।
এসব চলচ্চিত্রে আশিষ খন্দকার, রওনক হাসান, মৌসুমী হামিদ ও নাসিরউদ্দিন খানের মতো জনপ্রিয় ও শক্তিমান অভিনয়শিল্পীদের নিপুণ কাজ আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা হবে। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকা নয়া মানুষ চলচ্চিত্রটি দ্বিতীয় দিনে অর্থাৎ ১৮ মে স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে।
আ. মা. ম হাসানুজ্জামানের উপন্যাস এই ছবিটি মূলত চরাঞ্চলের মানুষের জীবন-সংগ্রাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক মানবিক গল্প। পূর্ব লন্ডনের ঐতিহাসিক জেনেসি সিনেমা হলে এই উৎসবের উদ্বোধন হবে এবং শেষ হবে ২৩ মে।