বিধানসভা নির্বাচনের ভোট গণনার চূড়ান্ত পরিসংখ্যান এখন পরিষ্কার। ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বাংলার রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গেছে। ২০২১ সালে যেখানে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট আধিপত্য ছিল, সেখানে ২০২৬-এ বিজেপি শুধু ভোটই বাড়ায়নি, শতাংশের নিরিখেও শাসক দলকে পেছনে ফেলে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক চারটি বড় দলের ভোট কতটা ওঠানামা করল; কার ভোট গেল কার ঝুলিতে।
বিজেপির রেকর্ড উত্থান : ২০২৬ সালের নির্বাচনে বিজেপি সবথেকে বড় চমক দিয়েছে। সরাসরি প্রায় ৮ শতাংশ ভোট সুইং তৈরি করে নবান্ন দখলের পথে এগিয়েছে গেরুয়া শিবির। এখানে জানিয়ে রাখা ভালো, বুথফেরত সমীক্ষায় ‘টুডেজ চাণক্য’ এই ভোট সুইং প্রায় সঠিক অনুমান করেছিল। তাদের ধারণা ছিল সুইং হতে পারে ৭ থেকে ১০ শতাংশ।
২০২১ সালে বিজেপির ভোট ছিল ৩৭.৯৭ শতাংশ। মোট ভোট পায় ২ কোটি ২৯ লাখ ৫ হাজার ৪৭৪টি। ২০২৬ সালে ভোট বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৮৪ শতাংশে। বিজেপি মোট ভোট পেয়েছে ২ কোটি ৯২ লাখ ২৪ হাজার ১৬৭টি। অর্থাৎ বিজেপির মোট ভোট বেড়েছে ৬৩ লাখ ১৮ হাজার ৬৯৩টি তথা ৭.৮৭ শতাংশ।
তৃণমূল কংগ্রেসে জোড়া ধাক্কা : সদ্য প্রাক্তন শাসক দলের ক্ষেত্রে এবারের ফল বিপর্যয় ডেকে এনেছে। ভোট সংখ্যা কমার পাশাপাশি তাদের ভোটব্যাংকেও বড়সড়ো ধস নেমেছে। ২০২১ সালে তৃণমূলের ভোট ছিল ৪৮.০২ শতাংশ। মোট ভোট পেয়েছিল ২ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার ২৮১। এবার তৃণমূলের ভোট কমে দাঁড়িয়েছে ৪০.৮০ শতাংশ। দলটি মোট ভোট পেয়েছে ২ কোটি ৬০ লাখ ১৩ হাজার ৩৭৯টি। অর্থাৎ প্রায় ২৯ লাখ ৫৪ হাজার ৯০২ জন ভোটার তৃণমূল থেকে মুখ ফিরিয়েছেন। অর্থাৎ তৃণমূলের ভোট কমেছে ৭.২২ শতাংশ।
বাম-কংগ্রেস স্থবিরতা কাটল না : বামফ্রন্ট ও কংগ্রেসের ভোট সংখ্যার খুব একটা হেরফের না হলেও শতাংশের বিচারে দুই শিবিরেরই ভোট কমেছে। সিপিএমের ভোট প্রায় স্থির থাকলেও (২৮.৩৯ লাখ) ৪.৪৫ শতাংশ ভোট কমেছে। গতবারের তুলনায় মোট ১ হাজার ৭৯০টি ভোট বেড়েছে সিপিএমের। অন্যদিকে কংগ্রেসের ৬৩ হাজার ভোট বাড়লেও ২.৯৭ শতাংশ ভোট কমেছে।
কী বলছে এই পরিসংখ্যান : বিশ্লেষকরা বলছেন এই পরিসংখ্যান তিনটি বিষয় পরিষ্কার করে দিয়েছে। প্রথমত সরাসরি ভোট ট্রান্সফার। তথ্য বলছে তৃণমূলের হারানো ভোটের সিংহভাগ সরাসরি বিজেপির ঝুলিতে গেছে। প্রায় ৬৩ লাখ ভোটের বৃদ্ধি সেই ইঙ্গিতই দিচ্ছে। দ্বিতীয়ত দ্বিমুখী লড়াই। বাম-কংগ্রেস উল্লেখযোগ্য কিছু করতে না পারায় লড়াই সরাসরি দুই মেরুতে সীমাবদ্ধ ছিল। তৃতীয়ত উচ্চ ভোটদানের হার। ২০২৬-এর রেকর্ড ভোটদান বিজেপির পালে হাওয়া দিয়েছে। নতুন ও অতিরিক্ত ভোটারদের বড় অংশ গেরুয়া শিবিরকে বেছে নিয়েছেন।