ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টার শেয়ার করে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
নির্বাচনী ঘোষণার পর আরও দুটি পৃথক পোস্টে তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও অঙ্গীকার ব্যক্ত করেন। একটি পোস্টে ভোটারদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে? অপর এক পোস্টে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছ নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি একে ‘রাজাকারমুক্ত’ রাখবেন।
উল্লেখ্য, গত জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন নীলা ইসরাফিল। ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলেন। তবে সম্প্রতি দলটির অন্যতম নেতা সারোয়ার তুষারের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
/কহু