যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আততায়ীর গুলিতে নিহত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস গত মঙ্গলবার এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে এসে পৌঁছায়। তারা উভয়েই ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং লিমন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন।
দূতাবাস সূত্র জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। মরদেহ দেশে পাঠানোর আগে আজ বুধবার টাম্পায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হৃদয়বিদারক এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামক এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিশামও ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
পরারাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট তদারকি করছে এবং পুরো বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সমন্বয় করছে। মেধাবী এই দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
/কহু