প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৪০ পিএম
ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা। সংগৃহীত ছবিবিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা আর নেই। বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একজন আদর্শ মহীয়সী নারী হিসেবে বেগম জেবুন্নেছা তার সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন। পেশাগত জীবনে শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত নীতিপরায়ণ ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও সমাজ এক গুণী মানুষকে হারাল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকবিহ্বল পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মরহুমার জানাজা ও দাফন সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
/কহু