হাওরে ডুবন্ত পাকা ধানের সঙ্গে হারিয়ে গেছে কৃষকের হাসি

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

বৈশাখের তপ্ত দুপুরে যেখানে হাওরজুড়ে ধান কাটার উৎসবে মুখর থাকার কথা, সেখানে এবার বিরাজ করছে হাহাকার। কয়েক দিনের অতিবৃষ্টি ও

2026-05-06T14:38:01+00:00
2026-05-06T14:38:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাওরে ডুবন্ত পাকা ধানের সঙ্গে হারিয়ে গেছে কৃষকের হাসি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:৩৮ পিএম 
ছবি : সময়ের আলো
বৈশাখের তপ্ত দুপুরে যেখানে হাওরজুড়ে ধান কাটার উৎসবে মুখর থাকার কথা, সেখানে এবার বিরাজ করছে হাহাকার। কয়েক দিনের অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নেত্রকোনার হাওরপাড়ের কৃষকের আজন্ম লালিত স্বপ্ন। চোখের সামনে পাকা ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। উৎসবের আমেজ হারিয়ে বিষাদের ছায়া নেমে এসেছে হাওর জনপদে।

সরেজমিনে দেখা যায়, একমাত্র বোরো ফসল রক্ষায় কৃষকরা এখন মরণপণ লড়াই করছেন। কোমর সমান পানিতে নেমে ধান কাটতে হচ্ছে তাদের। হারভেস্টার মেশিন ব্যবহারের সুযোগ নেই বলে শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় শ্রমিক সংকট প্রকট। পানিতে কাটা ধান কলাগাছের ভেলা কিংবা নৌকায় করে পাড়ে আনার চেষ্টা চলছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঘরে তোলা ধান রোদের অভাবে শুকাতে না পেরে অঙ্কুরোদ্গম ঘটছে, যা কৃষকের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত দুদিন বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমতে শুরু করলেও এখনো প্রধান নদীগুলো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার পর্যন্ত কংশ নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার, উপদাখালী নদীর পানি ৩৪ সেন্টিমিটার এবং ধনু নদের পানি ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই ধীরগতির পানি হ্রাস কৃষকদের খুব একটা স্বস্তি দিতে পারছে না।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধার-দেনা করে আবাদ করা সোনার ফসল এখন পানির নিচে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে শুনে তারা কিছুটা আশ্বস্ত হলেও, প্রকৃত কৃষকরা যেন এই সহায়তা পায় সেদিকে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে জেলায় ১ লক্ষ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে হাওর এলাকাতেই রয়েছে ৪১ হাজার ৬৩ হেক্টর। ঢলে ইতোমধ্যে প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উঁচু এলাকার ফসল দ্রুত ঘরে তুলতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

/কহু



  বিষয়:   হাওর  ধান  কৃষক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: