চীন শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখবে।
বুধবার (৬ মে) বেইজিং সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ও চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা এমন মন্তব্য করেন।
বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং উভয় পক্ষকে উচ্চপর্যায়ের বিনিময় জোরদার করতে, একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন দিতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর ও বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এতে উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়। সিপিপিসিসি জাতীয় কমিটি এ বিষয়ে ইতিবাচক অবদান রাখতে প্রস্তুত বলেও তিনি জানান।
চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের একমাত্র সত্যিকারের বন্ধু চীন। বাংলাদেশ সবসময় তার পররাষ্ট্রনীতিতে চীনকে অগ্রাধিকার দিয়ে আসছে। বাংলাদেশ এক-চীন নীতিতে দৃঢ়ভাবে অটল রয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ২৭৫৮-কে অকাট্য বলে মনে করে এবং চীনের জাতীয় পুনঐক্যের প্রচেষ্টায় দৃঢ় সমর্থন জানায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বকে এগিয়ে নিতে, বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে নিয়ে যেতে আশা করে।’
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বুধবার দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এর আগে, বুধবার সকালে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে পুনরায় নিশ্চিত করে এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়ন খাতে আরও গভীর সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাষ্ট্রদূত জনাব মো. নাজমুল ইসলাম সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সফরে চীনে বেইজিংয়ে পৌঁছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং। সফর শেষে বৃহস্পতিবার বেইজিং থেকে নিউইয়র্ক সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।
/কেএইচও