মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব টেড টার্নার মারা গেছেন। বুধবার (৬ মে) আটলান্টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
টার্নার এন্টারপ্রাইজের এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
২০১৮ সালে টার্নার জানান, তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামে এক জটিল মস্তিষ্কজনিত রোগে ভুগছেন। জীবনের শেষ সময় তিনি এই অসুস্থতার সঙ্গে লড়াই করে কাটিয়েছেন।
ওহাইওতে জন্ম নেওয়া টার্নার টেলিভিশন সংবাদ জগতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। ১৯৮০ সালের ১ জুন তিনি বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন প্রতিষ্ঠা করেন।
শুরুতে তার এ উদ্যোগ নিয়ে সংশয় থাকলেও অল্প সময়ের মধ্যেই সিএনএন বিশ্বব্যাপী নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পায়। বিশেষ করে ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সরাসরি সম্প্রচারের মাধ্যমে চ্যানেলটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করে।
একই বছর তিনি টাইম ম্যাগাজিনের ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।
ব্যক্তিজীবনে ‘মাউথ অব দ্য সাউথ’ নামে পরিচিত টার্নার ছিলেন স্পষ্টভাষী। বাবার মৃত্যুর পর মাত্র ২৪ বছর বয়সে পারিবারিক বিলবোর্ড ব্যবসার দায়িত্ব নিয়ে তিনি তার ব্যবসায়িক যাত্রা শুরু করেন।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মিডিয়া ও বিনোদন খাতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন তিনি। তার প্রতিষ্ঠিত নেটওয়ার্কগুলো সংবাদ, খেলাধুলা, পুরোনো অনুষ্ঠান এবং ক্লাসিক চলচ্চিত্র সম্প্রচারে বিশেষ ভূমিকা রাখে।
ব্যবসার পরিধি বাড়াতে তিনি এমজিএম/ইউএ চলচ্চিত্র স্টুডিও অধিগ্রহণ করেন। এরপর ১৯৯৬ সালে তার টার্নার ব্রডকাস্টিং সিস্টেমকে টাইম ওয়ার্নার এর সঙ্গে একীভূত করেন।
একীভূত প্রতিষ্ঠানে টার্নার কেবল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও বৃহত্তম শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে কর্পোরেট কাঠামোর সঙ্গে দীর্ঘদিন মানিয়ে নিতে না পারায় শেষ পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠিত নেটওয়ার্কগুলোর নিয়ন্ত্রণ হারান।
আরবিএন