মেহেরপুরে পরকীয়া প্রেমিকাকে অপমানের জেরে গোলাম হোসেন নামে একজনকে হত্যার ঘটনায় সামিরুল ইসলাম কালু (৩৫) ও বন্যা খাতুন (৩০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতার সামিরুল ইসলাম কালু মেহেরপুর শহরের শেখপাড়ার আকবর আলীর ছেলে এবং নিহত গোলাম হোসেনের খালাতো ভাই। অন্যদিকে বন্যা খাতুন একই এলাকার রাজু আহমেদের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কালু কুলবাড়িয়া গ্রামের একটি বাড়িতে আত্মগোপনে আছে জানতে পেরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় কালুকে আটক করা হয়। এ সময় বাড়ির পাশে থাকা একটি পাটকাঠির গাদা থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার সময় ব্যবহৃত অস্ত্রটি কালু নিজেই শনাক্ত করেছে।
প্রসঙ্গত, পরকীয়া প্রেমিকাকে অপমানের প্রতিশোধ নিতে গত মঙ্গলবার রাতে আপন খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করে সামিরুল ইসলাম কালু। এ ঘটনায় নিহত গোলাম হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) জামিনুল ইসলাম খান।
সময়ের আলো/আআ