পোস্টার, অ্যানিমেশন টিজারের পর এবার প্রকাশ্যে এসেছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল টিজার। এতে ঢালিউড সুপারস্টারকে দেখা গেছে স্টাইলিশ লুকে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ভক্তদের উন্মাদনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই রকস্টার অবতার।
১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে উঠে এসেছে এক রকস্টারের উত্থান-পতনের গল্প। এর আগে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশের সময়ই শাকিবের লুক নিয়ে আলোচনা হয়। এবার টিজারে পাওয়া গেল তার নতুন লুকের বিস্তারিত। এবার আর অ্যাকশন তারকা বা গ্যাংস্টার নন, এবার তাকে পাওয়া গেল সংগীতশিল্পী হিসেবে।
টিজারের শুরুতেই দেখা যায় শাকিব খান ঘুম থেকে চোখ মেলছেন। ঠিক তখনই একটি বিশেষ সংলাপে বলা হয়, ‘মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অব রকস্টার।’ সংলাপটি ছিল অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে।
টিজারে একটি গানের অংশবিশেষ শোনা যায়, যেখানে আবেগঘন সুরে গাইতে দেখা যায়- ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে’। গানটির কথা ও সুর দর্শকদের মনে আলাদা মাত্রা যোগ করেছে।
টিজারজুড়ে ছিল শাকিব খানের একটি মাত্র ডায়ালগ। শেষে শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’
আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর, তারিক আনাম খানসহ আরও অনেকে।
সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। টিজারের শেষ জানানো হয়েছে, এটা স্রেফ জ্যামিং আরও একটি টিজার আসছে!
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
সময়ের আলো/জেডি