ফাইনাল নিশ্চিতের পর পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

সময়ের আলো ডেস্ক

খেলা

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার লড়াই ‘চ্যাম্পিয়ন্স লিগ’-এর ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী প্রতিপক্ষকে

2026-05-07T11:01:55+00:00
2026-05-07T11:01:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ফাইনাল নিশ্চিতের পর পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:০১ এএম 
সংগৃহীত ছবি
টানা দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার লড়াই ‘চ্যাম্পিয়ন্স লিগ’-এর ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী প্রতিপক্ষকে বিদায় করে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছানোর আনন্দে যখন গোটা প্যারিস উৎসবের নগরীতে পরিণত হওয়ার কথা, ঠিক তখনই বিশৃঙ্খলার কালো মেঘে ঢেকে যায় ফ্রান্সের রাজধানী। প্রিয় দলের ফাইনাল নিশ্চিতের পরপরই রাজপথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে পিএসজি সমর্থকরা।

বুধবার (৬ মে) রাতে বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে নিজেদের মাঠে প্রথম লেগের ৫-৪ ব্যবধানের জয় লুইস এনরিকের শিষ্যদের পাইয়ে দেয় ফাইনালের টিকিট। ঐতিহাসিক এই অর্জনের পর মিউনিখের জয়ের ঢেউ আছড়ে পড়ে প্যারিসে। লড়াকু ড্রয়ের বাঁশি বাজার সাথে সাথেই পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের আশপাশে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত উল্লাসে ফেটে পড়েন।

তবে এই আনন্দ মিছিল মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয়। সংবাদ সংস্থা সিএলপ্রেসের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, উল্লসিত জনতা হঠাৎ করেই বিশৃঙ্খল হয়ে পড়ে এবং কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। এর বিপরীতে উত্তেজিত সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করতে থাকে। বেশ কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করার পর নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

অপ্রীতিকর ঘটনা ঘটেছে মিউনিখেও। সেখানে জয় উদযাপনরত পিএসজি সমর্থকদের একটি বগিতে অগ্নিনির্বাপক প্রোটোকল সক্রিয় হওয়ায় জার্মান সাবওয়েতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করা ফরাসি জায়ান্টদের সামনে এখন দ্বিতীয় ইউরোপীয় শিরোপার হাতছানি। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত পুসকাস অ্যারেনায় শিরোপা নির্ধারণী মহারণে তারা মুখোমুখি হবে ইংলিশ ক্লাব আর্সেনালের।

/কহু


  বিষয়:   পিএসজি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: