ভালো জীবনের আশায় মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে মানবপাচারের শিকার হয়েছেন শতাধিক বাংলাদেশি তরুণ। দীর্ঘদিন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে বাংলাদেশে পৌঁছান তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের প্রত্যাবাসন করা হয়।
ফেরত আসা প্রবাসীদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের অনেকেই জানান, প্রথমে ওমরা ভিসার মাধ্যমে সৌদি আরবে নেওয়া হয়। পরে বিভিন্ন দালালচক্রের মাধ্যমে কুয়েত ও মিশর হয়ে পাঠানো হয় লিবিয়াতে।
আরও পড়ুন
সেখান থেকে সমুদ্রপথে গ্রিস কিংবা ইতালি যাওয়ার চেষ্টা করলে তারা আটক হন। দীর্ঘদিন বন্দি অবস্থায় থাকায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি মাসেই আরও দুটি ফ্লাইটে লিবিয়ার গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার থেকে প্রায় সাড়ে তিনশ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফিরে আসা অভিবাসীদের অভিযোগ, বিদেশে কাজ ও ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে দালালচক্র এখনও নানা প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ‘এয়ারপোর্ট কন্ট্রাক্ট’ ও ওমরা ভিসার আড়ালে মানবপাচারের ঘটনা বন্ধ না হলে আরও অনেক তরুণ একই ফাঁদে পড়বেন বলে আশঙ্কা তাদের।
এএডি/