ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সাত দিনের প্রশিক্ষণ কর্মশালার ষষ্ঠ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে তিন শতাধিক সদস্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
শুক্রবার (৮ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন।
ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত ‘AI-Powered Journalism: Opportunities, Risks and Digital Security’ শীর্ষক সপ্তাহব্যাপী এই কর্মশালা শুরু হয় গত শনিবার। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাইয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণের ষষ্ঠ দিনের কার্যক্রম বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
ষষ্ঠ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল গুগলের ‘নোটবুক এলএম’ টুল। প্রশিক্ষকরা দেখান, কীভাবে বড় আকারের অডিও, ভিডিও ও পিডিএফ ফাইল বিশ্লেষণ করে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ ও সংবাদ উপাদান বের করা যায়।
দিনব্যাপী সেশনে দীর্ঘ ও জটিল কনটেন্ট থেকে কার্যকর ইনসাইট বের করার কৌশল তুলে ধরা হয়। বিশেষ করে অনুসন্ধানী ও ডেটা-নির্ভর সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার কীভাবে সময় সাশ্রয়, তথ্য যাচাই এবং স্টোরি ডেভেলপমেন্টে সহায়ক হতে পারে, তা ব্যাখ্যা করেন প্রশিক্ষকরা।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় এআই শুধু প্রযুক্তি নয়, বরং কাজের গতি, তথ্যের নির্ভুলতা এবং বিশ্লেষণ সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ হাতিয়ার। সংবাদ সংগ্রহ, যাচাই ও উপস্থাপনার প্রতিটি ধাপেই এখন এআই ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এআই বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি।
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, প্রশিক্ষণ কর্মশালাটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এতে সিনিয়র সাংবাদিকরাও অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, সংবাদকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করাই ডিআরইউর প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, এআই ব্যবহারের নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়গুলোও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তিত মিডিয়া পরিবেশে তাদের আরও সক্ষম করে তোলাই মূল লক্ষ্য।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য সচিব আল আমিন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ৫০ জনের বেশি সংবাদকর্মী এ প্রশিক্ষণে অংশ নেন। শুক্রবার কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।
আরবিএন