হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে কৃষি ধান দেখতে গিয়ে নিখোঁজের দুই দিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন।
রউফ নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তার সন্ধান পাননি। অবশেষে বৃহস্পতিবার সকালে হাওরের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই