ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি। তাকে হারানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে কালীঘাটে মমতার বাড়িতে গিয়ে এ কথা বলেন তিনি।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে তৃণমূলের ভোট লুট করেছে। কালীঘাটের বাসভবন থেকে জানিয়েছিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব তেজস্বী যাদবেরা প্রত্যেকেই তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অখিলেশ যাদব সেই দিনই কলকাতায় আসতে চাইলেও মমতা তাকে দু-একদিন পরে আসার পরামর্শ দেন।
এদিকে বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে কালীঘাটে মমতার বাসভবনে পৌঁছে যান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। কালীঘাটে মমতার বাসভবনে অখিলেশ পৌঁছানো মাত্র তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমেই তিনি জড়িয়ে ধরেন অভিষেককে। বলেন, ‘তুমি খুব ভালো কাজ করেছ’। এরপরই তিনি এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের দিকে। সেখানে দাঁড়িয়েছিলেন তৃণমূলনেত্রী। তাকে উত্তরীয় পরিয়ে দিতে দিতে অখিলেশ বলেন, ‘দিদি, আপনি হারেননি’। মমতাও বলেন, ‘হ্যাঁ, আমরা হারিনি’।
অখিলেশ ও মমতার এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশে অখিলেশের ফেরার লড়াই এবং বাংলায় মমতার দাপট, এই দুই শক্তি মিলে যে আগামী দিনে দিল্লির গদিতে বিজেপির অস্বস্তি বাড়াবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অখিলেশ মমতাকে ‘আপনি হারেননি’ বলে যে বার্তা দিলেন, তা আদতে বিরোধী জোটের জয়ের মন্ত্র হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।
সময়ের আলো/জেডআই