আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। রইল তারই খোঁজখবর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করতে চার দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাজধানীর জাতীয় নাট্যশালায় আজ থেকে ১১ মে পর্যন্ত ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি, আলোচনা সভা, নাট্য প্রদর্শনী ও শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশব্যাপী জেলাপর্যায়ের শিল্পকলা একাডেমিগুলোতেও একই রকম আয়োজন রাখা হয়েছে।
আজ অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। প্রধান আলোচক হিসেবে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিন।
৯ মে আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অধিবেশনে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক সচিব কানিজ মওলা।
১০ মে আয়োজনের তৃতীয় দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত থাকবেন। ১১ মে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সমাপনী সন্ধ্যায় নাট্যদল ‘প্রাচ্যনাট’ আজাদ আবুল কালামের নির্দেশনায় রবীন্দ্রনাথের নাটক ‘অচলায়তন’ মঞ্চস্থ করবে।
রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১০ মে জাতীয় চিত্রশালা ভবনের ২ নম্বর গ্যালারিতে ‘রবির চিত্র, চিত্রে রবি’ শীর্ষক একটি বিশেষ শিল্প প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীটি ২৩ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
টিভিতে যত আয়োজন বিটিভি
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আজ রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে রবিঠাকুরের বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় ৯টি গান পরিবেশন করবেন দেশের একঝাঁক রবীন্দ্রসংগীত শিল্পী।
এ ছাড়া সকাল ৯টায় থাকছে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে নির্মিত এ অনুষ্ঠান শিশুদের জন্য হয়ে উঠবে আনন্দ ও শেখার এক ভিন্ন অভিজ্ঞতা। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। এ ছাড়া সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে আসবে কবিগুরুর জীবন, সাহিত্য ও সৃষ্টিচিন্তার নানা দিক। রাত ৯টায় থাকছে রবিঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১১টায় প্রচারিত হবে কবিগুরুর বিখ্যাত কাব্যনাট্য চিত্রাঙ্গদা।
চ্যানেল আই
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনভর চ্যানেল আইতে রয়েছে নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় আজ সকাল ৭টা ৩০ মিনিটে সম্প্রচার হবে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। তার আগে রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’, ‘রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে’ প্রচারিত হবে। যাতে অতিথি থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী এবং নুসরাত সায়েম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে অরুণ চৌধুরীর পরিচালনায় টেলিফিল্ম ‘স্ত্রীর চিঠি’ দেখা যাবে বেলা ৩টা ৫ মিনিটে। সন্ধ্যা ৬টায় থাকবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেখা যাবে সোহেল রানা বিদ্যুতের পরিচালনায় রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘আশা পুরাও, তুমি এসো কাছে’। এ ছাড়া দিনব্যাপী চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকবে রবীন্দ্রনাথের গান, কবিতা।
মাছরাঙা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সমাপ্তি’। তার জনপ্রিয় ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। নাটকের কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীর ভূমিকায় অভিনয় করেছেন সাবিলা নূর। তার স্বামী অপূর্বর চরিত্রে অভিনয় করেছেন সজল।
এ ছাড়া রাত ১১টা ৩০ মিনিটে ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী লাইসা আহমেদ লিসা। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
এ ছাড়া অন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও রয়েছে নানা আয়োজন।
সময়ের আলো/জেডি