জীবন বাঁধা রক্তের বন্দিদশায়

এম মামুন হোসেন

জাতীয়

এক ফোঁটা রক্তের ভেতর কত গল্প, কত দীর্ঘশ্বাস আর কতটা বেঁচে থাকার লড়াই লুকিয়ে থাকে- তা প্রতিদিন অনুভব করেন থ্যালাসেমিয়া

2026-05-08T04:01:37+00:00
2026-05-08T04:01:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
জীবন বাঁধা রক্তের বন্দিদশায়
এম মামুন হোসেন
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:০১ এএম 
ছবি : সংগৃহীত
এক ফোঁটা রক্তের ভেতর কত গল্প, কত দীর্ঘশ্বাস আর কতটা বেঁচে থাকার লড়াই লুকিয়ে থাকে- তা প্রতিদিন অনুভব করেন থ্যালাসেমিয়া রোগীরা। জন্মের পর থেকেই শুরু হয় তাদের সংগ্রাম; শরীরের সঙ্গে, সমাজের ভুল ধারণার সঙ্গে এবং অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। 

থ্যালাসেমিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো বিয়ের আগে রক্ত পরীক্ষা বা প্রি-ম্যারিটাল ক্যারিয়ার স্ক্রিনিং। এখনও অনেক দম্পতি বিয়ের আগে থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট করান না, ফলে অনাকাক্সিক্ষতভাবে নতুন একটি জীবন বাঁধা পড়ে রক্তের বন্দিদশায়। এই বাস্তবতাকে সামনে রেখে আজ ৮ মে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘আর নয় আড়ালে : শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়াই অবহেলিতদের’।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় ২ কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন-বাহক বলে ধারণা করা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এখনই কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। 

তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সরকার ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতি অনুসরণ করছে এবং থ্যালাসেমিয়া প্রতিরোধে এ নীতি সবচেয়ে কার্যকর। পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে সরকার ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে বলেও জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানবদেহে রক্ত তৈরির জন্য থাকা দুটি জিনের একটিতে ত্রুটি থাকলে ব্যক্তি ‘বাহক’ হিসেবে পরিচিত হন। আর উভয় জিনে ত্রুটি থাকলে তিনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হন। 

তারা বলছেন, থ্যালাসেমিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো বিয়ের আগে রক্ত পরীক্ষা বা প্রি-ম্যারিটাল ক্যারিয়ার স্ক্রিনিং। কারণ দুজন বাহকের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি। সাধারণত শিশু জন্মের এক থেকে দুই বছরের মধ্যেই রোগটি শনাক্ত হয়। রোগটির সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন সংক্রমণ, ওজন না বাড়া, জন্ডিস এবং খিটখিটে মেজাজ। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১১ দশমিক ৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক। দেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০ হাজার।

থ্যালাসেমিয়া রোগীদের জীবনযাপনও অত্যন্ত কষ্টসাধ্য। অনেককে প্রতি মাসে একাধিকবার রক্ত নিতে হয়। নিয়মিত চিকিৎসা, ওষুধ ও রক্ত সংগ্রহের চাপের পাশাপাশি সামাজিক অবহেলা ও ভুল ধারণাও তাদের মানসিকভাবে ভোগায়। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে চিকিৎসক ও সচেতন মহল কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন- নিয়মিত স্বেচ্ছায় রক্তদান, পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি, বিয়ের আগে রক্ত পরীক্ষা নিশ্চিত করা এবং জেলা পর্যায়ে সহজলভ্য চিকিৎসা ও স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা। 

থ্যালাসেমিয়া শুধু একটি রোগ নয়; এটি একটি দীর্ঘমেয়াদি মানবিক ও সামাজিক চ্যালেঞ্জ। তাই এ লড়াই কেবল রোগীর একার নয়, সমাজ ও রাষ্ট্রকেও একসঙ্গে এগিয়ে আসতে হবে।

থ্যালাসেমিয়া কী : থ্যালাসেমিয়া হলো একটি বংশগত রক্তের রোগ, যেখানে শরীর প্রয়োজনীয় পরিমাণে হিমোগ্লোবিন তৈরি করতে ব্যর্থ হয়। এর ফলে শরীরে স্বাভাবিক অক্সিজেন পরিবহন বাধাগ্রস্ত হয় এবং ঘন ঘন রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। শিশুরা সাধারণত বাবা-মা উভয়ের কাছ থেকে থ্যালাসেমিয়ার জিন পেলে এ রোগে আক্রান্ত হয়। 

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে থ্যালাসেমিয়া সচেতনতায় র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেমিনারে স্বাগত ও মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদ।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জীবন  রক্ত  থ্যালাসেমিয়া  সচেতনতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: