ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএলে) দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ, সিটি ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরির দেখা পেয়েছেন রূপগঞ্জের সামিউন বসির রাতুল। আর দল হারলেও আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত ৪৯ বলে ফিফটি করে লিস্ট ‘এ’তে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এদিন ৬ ম্যাচে ১৫ ব্যাটার ফিফটির দেখা পান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে রাতুলের অলরাউন্ড পারফরম্যান্সে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে ব্যাট করতে নেমে রাতুলের ঝড়ো গতির সেঞ্চুরি আর আইচ মোল্লা ও তানবীর হায়দারের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ। রাতুল ৭০ বলে ১১৬ রান করেন। আইচ মোল্লা ৬২ ও তানবীর ৫৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জিয়াউর রহমানের ৬১ রানের ইনিংসে ৪১.৩ ওভারে ২৭৫ রানে অলআউট জয় বসুন্ধরা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ৩ উইকেট নেন রাতুল। এ ছাড়া জাতীয় দলের স্পিনার শেখ মেহেদী ৩ উইকেট নেন।
ক্রিকেটার্স একাডেমি মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সিটি ক্লাবের কাছে ২ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। বৃষ্টির কারণে ম্যাচ ২৭ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে ব্যাট করতে নেমে মোসাদ্দেকের সৈকতের সেঞ্চুরিতে ৫ উইকেট ২০৯ রান তোলে। সৈকত ১০১ ও জিসান আলম ৫৪ রান করেন। সিটির নিহাদ ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে মেহেদী মারুফের ৫৬ বলে ৭১ রানের ইনিংসে ৮ বল হাতে রেখে ৮ উইকেটে ২১০ রান তুলে জয় নিশ্চিত করে সিটি ক্লাব।
পিকেএসপির ২ নম্বর মাঠে ঢাকা লিয়োপর্ডসকে ৩১ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস ও জাহিদের ফিফটিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান করে অগ্রণী। ইমরুল ৬৪ ও জাহিদ ৬৬ রান করেন। লিয়োপর্ডসের আলাউদ্দিন ৫ উইকেট নেন। ২৪৭ রানের টার্গেট ব্যাট করতে নেমে সৈকত আলীর ৫৯ রানের ইনিংসের পরও লিয়োপর্ডস ৪৬.১ ওভারে ২১৫ রানে অলআউট হয়। অগ্রণীর আরিফ ও রবিউল ৩টি করে উইকেট নেন।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্রাদার্স ইউনিউনকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সোহাগ গাজীর ৩৬ বলে ৫০ রানে কল্যাণে ৪৫ ওভারে ২০৯ রানে অলআউট হয় ব্রাদার্স। মোহামেডানের রিপন, মুশফিক হাসান, তাইবুর ও নাঈম সবাই দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়ের ৮২ ও তাইবুরের ৭৪ রানের ইনিংসে ভর করে ৪৩.১ ওভারে ৫ উইকেটে ২১০ রান তুলে সহজেই জয় তুলে নেয় মোহামেডান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৮২ রানের বিশাল ব্যবধান হারিয়েছে গাজী গ্রুপ। আগে ব্যাটিংয়ে নেমে মুনিম শাহরিয়ারের ৯২ ও সাব্বির হোসেনের অপরাজিত ৭২ রানের ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৫ রান তোলে গাজী। লক্ষ্য তাড়া করতে নেমে ১০৩ রানে অলআউট হয় রূপগঞ্জ। গাজী গ্রুপের রুবেল ৪টি ও রনি ৩টি উইকেট নেন।
ইউল্যাব ক্রিকেট মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ৩২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। টস হেরে ব্যাটিংয়ে নেমে শাহাদাত দিপুর ৭৫ রানে নির্ধারিত ৩৬ ওভারে প্রাইম ব্যাংক ৯ উইকেটে ২০০ রান করে। জবাবে ব্যাটিংয়ে নেমে তনময়ের ৬৭ রানের কল্যাণে ৯ উইকেটে ১৬৮ রানে থামে গুলশানের ইনিংস।
সময়ের আলো/জেডি