মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার পারদ এবার স্পর্শ করল সংযুক্ত আরব আমিরাতকে। শুক্রবার (৮ মে) সকালে দেশটির আকাশে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এক জরুরি বার্তায় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে এই ‘শত্রু লক্ষ্যবস্তু’ প্রতিহত করতে সক্রিয় রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে সরকারি সংস্থাটি জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে একটি ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবিলা করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে গুজব এড়াতে কেবল সরকারি সূত্রের সতর্কবার্তা ও আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে দুবাই ও আবু ধাবির আকাশে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরগুলো ধেয়ে আসা লক্ষ্যবস্তুগুলোকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই বিস্ফোরণের শব্দগুলো মূলত আকাশেই হামলা রুখে দেওয়ার ফলাফল।
আলজাজিরার প্রতিবেদনে রয়েছে, হামলার পর নিরাপত্তার স্বার্থে আমিরাতের আকাশপথ সাময়িকভাবে সীমিত করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী বেশ কয়েকটি ফ্লাইটকে পথ পরিবর্তন করে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আমিরাতের প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ধ্বংসাবশেষ বা সন্দেহজনক কোনো বস্তুর ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
/কহু