প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী ও জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার কনিষ্ঠ পুত্র নিনিত হুমায়ূনের জীবন ও নিরাপত্তা নিয়ে এক দীর্ঘ ও বেদনাদায়ক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। শুক্রবার (৮ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, নিরাপত্তার চরম অভাব এবং বারবার মববাজদের আক্রমণের শিকার হয়ে নিনিতকে স্কুল ছাড়তে হয়েছে। আজ থেকেই নিনিত ও লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করছে।
শাওন তার পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ফেসবুকে নিজের মত প্রকাশের কারণে তিনি বারবার হেনস্তার শিকার হয়েছেন। বনানীর সিজিএসডি স্কুলে পড়ুয়া নিনিতকে স্কুল থেকে আনতে গিয়ে তার গাড়ি তিনবার মববাজদের আক্রমণের মুখে পড়ে। তৃতীয়বার চালককে মারধর করে গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেওয়া হলেও পুলিশ প্রকৃত কারণ উল্লেখ করে জিডি নিতে অস্বীকৃতি জানায়। শাওনের অভিযোগ, পুলিশ তখন জানিয়েছিল যে মববাজদের বিরুদ্ধে রিপোর্ট নেওয়ার ওপর নিষেধ রয়েছে।
কেবল ঢাকাতেই নয়, শাওন জানান জামালপুরে তার বাবার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই বাড়িতে পারিবারিক লাইব্রেরি এবং দেশবিদেশের দুর্লভ বইয়ের সংগ্রহ ছিল। প্রবীণ রাজনীতিবিদদের পদচারণায় মুখর সেই বাড়িটি এখন কেবল একটি ধ্বংসস্তূপ। এই পরিস্থিতির কারণে শাওন গত তিন মাস সন্তানদের তাদের নানির কাছে রেখে নিজে নিরাপত্তাহীনতায় বিভিন্ন স্থানে কাটিয়েছেন।
মাত্র ১৫ বছর বয়সে নিনিতের অষ্টম শ্রেণি শেষ করার কথা থাকলেও এক বছর প্রাইভেট কোচিংয়ে পড়াশোনা করে সে এখন ও লেভেল পরীক্ষায় বসছে। শাওন তার পোস্টে নিনিতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, বিদেশে বসে নিরাপদ দূরত্বের অ্যাক্টিভিস্টরা এই মাটির বাস্তব যন্ত্রণার গভীরতা বুঝবেন না।
সব শেষে শাওন লিখেছেন, দোয়া করবেন নিনিত যেন ভালো মানুষ হতে পারে।