দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় তার দল 'তামিলনাগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) এখন সরকার গঠনের পথে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস, ভিসিকে এবং দুই বামপন্থী দল (সিপিআইএম ও সিপিআই) থালাপতি বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের ফলাফলে একক দল হিসেবে বিজয় ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি থেকে ১০টি আসন দূরে ছিলেন।
বিজয় থালাপতি জয় পেয়েছেন দুটি আসনে। তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। এতে টিভিকের আসনের সংখ্যা দাঁড়াবে ১০৭-এ। কিন্তু জোটের সমর্থনে আসন সংখ্যা দাঁড়াবে ১২০-এর ম্যাজিক ফিগারে।
আশ্চর্যের বিষয় হলো, বিজয়কে সমর্থন দেওয়া এই দলগুলো নির্বাচনের আগে বিদায়ি শাসক দল ডিএমকে-এর জোট সঙ্গী ছিল। ক্ষমতার পালাবদলে তারা এখন থালাপতি বিজয়ের পাশে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আর্লেকারের সঙ্গে দেখা করবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমাধান করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি
সময়ের আলো/জেডি