কুমিল্লার চান্দিনায় এক বিউটি পার্লার উদ্যোক্তাকে শ্লীলতাহানি এবং সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মহিচাইল সরকারি হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার মহিচাইল গ্রামের গাড়িচালক মো. রুবেল (২৮) ও মো. জামাল (৪০)।
ভুক্তভোগী ওই নারী জানান, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে তিনি মহিচাইল বাজারে একটি বিউটি পার্লার পরিচালনা করে আসছিলেন। অভিযুক্ত রুবেল ও জামাল দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিচ্ছিল। তাতে রাজি না হওয়ায় তারা প্রযুক্তির সাহায্যে ওই নারীর ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করে।
সর্বশেষ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তারা ওই নারীর পার্লারে ঢুকে জোরপূর্বক তার শ্লীলতাহানি করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও যৌন পীড়নের অপরাধে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জেডি