বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীব্র ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (০৮ মে) বিকালে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর লঞ্চঘাটে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বিগত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে দুর্গাপুর লঞ্চঘাট থেকে গুয়াবারিয়া ইউনিয়নের কালিকাপুর গ্রাম পর্যন্ত বিস্তীর্ণ এলাকা মেঘনার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতি বছর ঘরবাড়ি, ফসলি জমি, বাবা-মায়ের কবর ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা নদীগর্ভে হারিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দুর্গাপুর, বান্ধেরহাট ও কালিকাপুরসহ বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
কর্মসূচিতে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমান এবং নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসানের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী নদী বাঁধ নির্মাণ না করলে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ সরকারি স্থাপনাগুলো রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, নদী বাঁধ প্রতিরক্ষা কমিটির আহ্বায়ক মাহাতাব সিকদার, সদস্য সচিব কামাল সরদার। এছাড়াও বক্তব্য রাখেন আলতাফ সরদার, কবির শেখ, লোকমান সরদার, রুমা খাতুন ও শাজাহান স্বপনসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নদী ভাঙন বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। অবহেলিত এই জনপদ রক্ষায় দ্রুত স্থায়ী প্রকল্প গ্রহণ এখন সময়ের দাবি।
সময়ের আলো/জেডি