মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর কাছে একটি কাঠের তৈরি ধাও জাহাজে আগুন লেগে ডুবে যাওয়ার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি সূত্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ১৮ জন ভারতীয় নাবিক ছিলেন। আগুন লাগার পর পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ তাদের উদ্ধার করে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র জানিয়েছে, আহত নাবিকদের দুবাইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, কনস্যুলেটের কর্মকর্তারা উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পোস্টে আরও বলা হয়, ধাও জাহাজটির মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এর আগে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতীয় কনস্যুলেট জানায়, সমুদ্রে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এক ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে। এ ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। শুক্রবার ওই এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে এক মাসের যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইরানের দাবি, মার্কিন বাহিনী দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক এলাকাতেও আঘাত হেনেছে। তবে ওয়াশিংটনের দাবি, তারা পাল্টা জবাব হিসেবে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোলাগুলির ঘটনাকে ‘লাভ ট্র্যাপ’ বলে উল্লেখ করেছেন। পরে তিনি আবারও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, তেহরান সমঝোতায় রাজি না হলে আরও হামলার মুখোমুখি হতে হবে।
আরবিএন