সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে একটি পুকুর থেকে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪৪) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) সকালে কাশেমপুর আবাসন প্রকল্পসংলগ্ন একটি ঘেরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিন্নাহ ফিংড়ি ইউনিয়নের সর্বকাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে ঘেরের ভেতরের একটি পুকুরে এক ব্যক্তির দুই পা পানিতে ভাসতে দেখেন তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহতের ডান চোখের ওপরে কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন সুশান্ত ঘোষ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এসএকে