রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুর মৎস্য আড়তের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি আব্দুল্লাহপুর মৎস্য আড়তে পানি সরবরাহের কাজ করতেন এবং আড়তের পাশেই বসবাস করতেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে আড়তে যাওয়ার পর খাবার কিনতে রাস্তা পার হচ্ছিলেন আনোয়ার হোসেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ছেলে ইকবাল হোসেন জিহাদ জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস ও অটোরিকশার মাঝে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে।
সময়ের আলো/জেডি