পাবনার চাটমোহরে চুরির অপবাদ দিয়ে মারধর ও নির্যাতনের অপমান ও ক্ষোভে শ্রাবন্তী খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
শুক্রবার ( ৮মে ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃত কিশোরী ওই গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে।
পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার হান্নান মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি চিনাভাতকুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লা ওরফে লকাই মোল্লার ছেলে।
শুক্রবার ( ৮মে ) সকালে হান্নান মোল্লার ঘরে আলমারি থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এরপর শ্রাবন্তীকে হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন সন্দেহ করে শ্রাবন্তীর দুই হাত রশি দিয়ে বেঁধে বারান্দার খুঁটির সাথে বেঁধে লাঠি দিয়ে মারধর করে এবং প্রায় দেড় ঘন্টাব্যাপী নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেন।
এ সময় এলাকার অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করার বিষয়টি ভালোভাবে নেয়নি শ্রাবন্তী। বাড়ি ফিরে অপমান সইতে না পেরে আত্মহত্যা করে।
শ্রাবন্তীর মা আছিয়া খাতুন ও বাবা আলতাব হোসেন বাড়িতে ছিলেন না। এলাকাবাসীর কাছে থেকে মেয়ের চুরির অপবাদ আর মারধরের কথা শুনে বাড়িতে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেন।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে শ্রাবন্তীর লাশ উদ্ধার এবং অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ। তবে হান্নান মোল্লার স্ত্রীকে আটক না করায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
শ্রাবন্তীর মামা সিফাত হোসেন বলেন, ‘হান্নান মোল্লার বাড়ি আর আমার বোনের বাড়ি পাশাপাশি। আমার ভাগ্নি যদি চুরি করত, তাহলে তার বাবা-মা ছিল। তাদের বলতে পারত। কিন্তু সেটা না করে লোকজন ডেকে সবার সামনে নির্যাতন করায় খুবই অপমান বোধ করেছে আমার ভাগ্নি। সে জন্য নিজের জীবনটাই দিয়ে দিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, অপমান সহ্য করতে না পেরে শ্রাবন্তী নামের ওই কিশোরী আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হান্নান মোল্লাকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।’
অপর অভিযুক্ত হান্নান মোল্লার স্ত্রী রুবিয়া খাতুনকে কেন আটক করা হয়নি সে ব্যাপারে ওসি বলেন, প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে অন্য জড়িতদেরও আটক করা হবে।
/এসএকে