নড়াইলে প্রবাসী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুরতত্ত্বাবধানে বিশেষ ‘হটলাইন সেবা’ ও ‘ডিজিটাল তথ্য সেবা’ চালু করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকদের মতে, বর্তমান সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সেবার মাধ্যমে নাগরিকরা যেকোনো প্রয়োজনে সরাসরি নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে, প্রবাসী পরিবারের সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় দ্রুত সহায়তা, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, জরুরি প্রয়োজনে আইনি সহায়তা ও সমন্বয় সেবা।
হটলাইন নম্বর, ০১৩৫০-১৭৩৭৩৭, ০১৩৫০-১৭৩৭১৭, ০১৩৫০-১৭৩৭৭৭
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২’ ফেসবুক পেজের মাধ্যমে নাগরিকরা তাদের সমস্যা জানাতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, নড়াইলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসীদের পরিবার যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে নড়াইলকে এগিয়ে নিতে এ ধরনের প্রযুক্তিনির্ভর সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক এড. ইস্রাফিল খবির রাজু, পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ বিহারী ঘোষ, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির আহ্বায়ক এড. আজিজুল ইসলাম, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক ও সাধারণ নাগরিকরা।
/এসএকে