তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় বদলের পর অবশেষে রোববার (১০ মে) বিকেল সোয়া ৩টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।
শনিবার (৯ মে) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন প্রদান করার পর বিজয়ের সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে। এই দুই দলের সমর্থনে বিজয়ের নেতৃত্বাধীন জোট বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছে।
এর আগে সরকার গঠন নিয়ে বেশ কয়েক দিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছিল। বিজয় গত বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার কয়েক দফায় গভর্নর আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন। তবে ১১৮ জন বিধায়কের সুনির্দিষ্ট সমর্থন নিশ্চিত করতে না পারায় গভর্নর সে সময় তার দাবি গ্রহণ করেননি এবং প্রয়োজনীয় সমর্থন প্রমাণ করার নির্দেশ দিয়েছিলেন। আজ ভিসিকে ও আইইউএমএল নেতাদের আনুষ্ঠানিক সমর্থনের পর সেই আইনি ও রাজনৈতিক সংশয় দূর হয়েছে।
এদিকে বিজয়ের জয়ের পাশাপাশি তামিলনাড়ুর অন্যতম প্রধান রাজনৈতিক দল এআইএডিএমকেতে বড় ধরনের ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগম দল থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। জানা গেছে, এআইএডিএমকের ৩০ জনেরও বেশি বিধায়ক বর্তমানে শানমুগমের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাদের একটি বড় অংশ বিজয়ের দল টিভিকে-কে সমর্থন দেওয়ার ব্যাপারে আগ্রহী।
শনিবার চেন্নাইয়ে শানমুগমের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফিরে এসে আয়োজিত এই বৈঠকে এস পি ভেলুমনি ও এম আর বিজয়ভাস্করসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার উপস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই নতুন যাত্রা তামিলনাড়ুর প্রথাগত দ্বিমেরু রাজনীতিতে এক বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। আগামীকাল বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ের রাজকীয় অভিষেক দেখার অপেক্ষায় রয়েছেন তার সমর্থক ও সাধারণ মানুষ।
সূত্র: এনডিটিভি
সময়ের আলো/টিএইচ