বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গতকাল আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নেয় সাদা-কালোরা। তরুণ ফরোয়ার্ড সৌরভ দেওয়ান এবং রহিম উদ্দিনের গোলে এ জয় তুলে নেয় দলটি। একই দিনে অন্য ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলের ব্যবধানে হারায় গোপীবাগের দলটি।
পয়েন্ট টেবিলে এখন পাঁচ নম্বরে অবস্থান মোহামেডানের। ১৬ ম্যাচে ৫ জয়, ৫ ড্র এবং ৬ হারে দলটির সংগ্রহ ২০ পয়েন্ট। ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। পরের অবস্থানে যথাক্রমে আবাহনী লিমিটেড (৩৪ পয়েন্ট), ফর্টিস এফসি (৩১ পয়েন্ট) এবং চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি (২৩ পয়েন্ট)। এ মৌসুমে চ্যাম্পিয়ন কিংবা রানার্স এমনকি তৃতীয় স্থানে থাকারও সুযোগ নেই মোহামেডানের। কারণ হাতে আছে মাত্র দুই ম্যাচ। ওই দুই ম্যাচ জিতলে এবং পুলিশ নিজেদের শেষ দুই ম্যাচে হারলে আরও এক ধাপ (চতুর্থ স্থানে) ওঠার সুযোগ থাকছে ঐতিহ্যবাহী মোহামেডানের।
দল হিসেবে এবার ব্যর্থ হলেও ফরোয়ার্ড সৌরভ কিন্তু ভালোই আলো ছড়াচ্ছেন। সাদা-কালো জার্সিতে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫ গোল করেছেন। এর মধ্যে ফেডারেশন কাপে ৪ গোল, লিগে গতকালই প্রথমবারের মতো গোলের দেখা পেলেন। আরামবাগের বিপক্ষে জয়ের পর সময়ের আলোকে মোবাইল ফোনে সৌরভ জানান, ‘এ মৌসুমে লিগে প্রথম গোল পেলাম। ফেড কাপে গোল পেলেও লিগে এতদিন গোল ছিল না। আজ (গতকাল) গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। সামনেও গোল করে দলের জয়ে ভূমিকা রাখতে চাই।’
গতকাল আরামবাগের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আব্দুল কাইয়ুম সেন্টুর দল মোহামেডান। অষ্টাদশ মিনিটে বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে ঘানার ল্যানটেই মিলসের বুক পর্যন্ত পা তোলেন মোহামেডানের মিনহাজ রাকিব, ব্যথায় মাটিতে শুয়ে পড়েন তিনি, এরপর কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন মিলস। ফাউলের বাঁশি বাজাননি রেফারি। ৪০তম মিনিটে শান্তর থ্রু পাস ধরতে সৌরভ ছুটেছিলেন বক্সে, কিন্তু তিনি পৌঁছানোর আগেই দারুণ ক্ষিপ্রতায় পোস্ট ছেড়ে বেরিয়ে বিপদমুক্ত করেন আজাদ। একটু পর আরিফের শট ঝাঁপিয়ে আটকান তিনি।
প্রথমার্ধে গোলশূন্য মোহামেডান গোলমুখ খোলে ম্যাচের ৫১তম মিনিটে। সাইফুলের পাসের নাগাল বোয়াটেং পাননি, পোস্ট ছেড়ে বেরিয়ে আসা আজাদও ক্লিয়ার করতে পারেননি। আলগা বল অনায়াসে জালে জড়িয়ে দেন সৌরভ। ৭৫তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডানদিক দিয়ে বক্সে ঢুকে আরিফের কাটব্যাকে ১০ মিনিট আগে বদলি নামা রহিম নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন।
এদিকে দিনের অন্য ম্যাচে রাজশাহীতে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্তের জোড়া গোলে ৩-১ ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দশম মিনিটে জাভেদ আহমেদের গোলে এগিয়ে যায় তারা। ৩৫তম মিনিটে শায়েক সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতে শাহিন আহমেদ আত্মঘাতী হলে পিছিয়ে পড়ে রহমতগঞ্জ। ৭১তম মিনিটে শায়েকের দ্বিতীয় গোলে জয়ের পথে এগিয়ে যায় ব্রাদার্স। এই হারে ১৯ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে রহমতগঞ্জ।
সময়ের আলো/আআ