বার্সেলোনার শিরোপার সুবাস ও রিয়ালে অস্থিরতা

ক্রীড়া ডেস্ক

খেলা

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ যখন মাঠ ও মাঠের বাইরে নানা নাটকীয়তায় বিপর্যস্ত, তখন ঠিক উল্টো চিত্র বার্সেলোনা শিবিরে। ২০২৫-২৬

2026-05-10T05:45:56+00:00
2026-05-10T05:45:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বার্সেলোনার শিরোপার সুবাস ও রিয়ালে অস্থিরতা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:৪৫ এএম 
ছবি : সংগৃহীত
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ যখন মাঠ ও মাঠের বাইরে নানা নাটকীয়তায় বিপর্যস্ত, তখন ঠিক উল্টো চিত্র বার্সেলোনা শিবিরে। ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা কাতালান ক্লাবটি এখন আরেকটি লা লিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। আসরের ৩৪ ম্যাচের মধ্যে ২৯টিতে জয় এবং মাত্র একটি ড্রয়ের বিপরীতে ৪টি হারে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। টানা ১০ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে তারা। এই ম্যাচেই জয় পেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ বর্তমানে এক চরম অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার দলের অধিনায়ক ফেদেরিকো ভলভার্দে এবং মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনির মধ্যে এক অনাকাক্সিক্ষত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভলভার্দে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আগামী দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। 

এছাড়া কিলিয়ান এমবাপের সঙ্গে দলের অন্য খেলোয়াড়দের সম্পর্কের টানাপড়েন এবং ড্রেসিংরুমের উত্তাল পরিবেশ ক্লাবটির আসন্ন মৌসুমের পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করছে। এমন পরিস্থিতির মধ্যেই জল্পনা শোনা যাচ্ছে, ক্লাবের শৃঙ্খলা ফেরাতে হোসে মরিনহো আবারও রিয়ালের ডাগআউটে ফিরতে পারেন।

সাম্প্রতিক মুখোমুখি লড়াইগুলোতে বার্সেলোনার দাপট স্পষ্ট। শেষ ছয়বারের দেখায় পাঁচবারই জিতেছে তারা। তবে গত অক্টোবর মাসে বার্নাব্যুতে লিগের প্রথম লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জিতেছিল। বর্তমানে বার্সেলোনা ১১ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় এই ম্যাচে রিয়াল জয় পেলেও তিন ম্যাচ বাকি থাকতে ব্যবধান থাকবে ৮ পয়েন্ট, যা ঘুচিয়ে শিরোপা জেতা রিয়ালের জন্য প্রায় অসম্ভব। তবু নিজেদের শেষ তিন ম্যাচে সাত পয়েন্ট পাওয়া আলভারো আরবেলোয়ার দল চেষ্টা করবে চিরপ্রতিদ্বন্দ্বীদের উৎসবকে বিলম্বিত করতে। রিয়াল মাদ্রিদের কোচ সব বিতর্ক পেছনে ফেলে ম্যাচের দিকেই মনোযোগ দিতে চান। 

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘তারা (চুয়ামেনি ও ভলভার্দে) ভুল স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষমা চেয়েছে। আমার জন্য এটিই যথেষ্ট। তাদেরকে জনসমক্ষে অপমানিত হতে দেব না, কারণ তাদের সেটি প্রাপ্য নয়। এই দুই খেলোয়াড়কে সুযোগ দিতে হবে আমাদের, যাতে তারা অতীত অধ্যায় ভুলে এই ক্লাবের জন্য লড়াই চালিয়ে যেতে পারে। আমি তাদের নিয়ে গর্বিত। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের পেশাদারিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলুক, তা আমি হতে দেব না।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন রিয়ালকে হারিয়েই শিরোপার উদযাপন করতে চান। বার্সা কোচ বলেন, ‘আমি রেয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার কাজ নয়। এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু আমাকে আমার ক্লাব ও আমার দল নিয়ে ভাবতে হবে। এর বেশি কিছু আমি বলতে পারব না। আমাদের যা করতে হবে, তা হলো খেলা এবং নিজেদের খেলায় মনোযোগ দেওয়া। আমরা দারুণ একটি মৌসুম কাটাচ্ছি এবং আগামীকালও তা দেখতে চাই। আমি জানি উত্তেজনা তুঙ্গে। আমরা দল হিসেবে, ইউনিট হিসেবে খেলতে চাই। আমি অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না। 

ইনজুরির কারণে বার্সেলোনা তাদের অন্যতম বড় তারকা লামিন ইয়ামালকে এই মৌসুমের বাকি সময়ের জন্য হারালেও দীর্ঘমেয়াদি চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। বার্সা বস ফ্লিক মাঝমাঠে এরিক গার্সিয়াকে পেদ্রি ও গাভির সঙ্গে খেলাতে পারেন। আক্রমণভাগে রবার্ট লেভানডোভস্কি ও মার্কাস র‌্যাশফোর্ড থাকবেন মূল দায়িত্বে। 

অন্যদিকে রিয়াল শিবিরে ভলভার্দে ছাড়াও রদ্রিগো, আরদা গুলের, এদের মিলিতাও এবং কারভাহাল ইনজুরির কারণে মাঠের বাইরে। তবে আশার কথা হলো, গোলরক্ষক থিবো কোর্তোয়া ও কিলিয়ান এমবাপ্পে ফিট হয়ে একাদশে ফেরার জন্য প্রস্তুত। সব মিলিয়ে এক উত্তপ্ত এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সময়ের আলো/আআ



  বিষয়:   বার্সেলোনা  শিরোপা  রিয়াল  অস্থিরতা  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: