দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার (১০ মে) দুপুর ১টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা বাতাসের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন
অন্যদিকে দেশের আরও বিস্তৃত অঞ্চলেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আবহাওয়াবিদদের তথ্যমতে, সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা কিংবা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে নৌযান চলাচল, কৃষিকাজ ও খোলা স্থানে অবস্থানরত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এএডি/