জুলাই গণঅভ্যুত্থান ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত ৯ জন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় গুরুত্বপূর্ণ আদেশ দিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আজ রায় জানা যাবে।
রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেবেন। অভিযোগ গঠন হলে মামলার পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ৭ মে এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
মামলায় এখন পর্যন্ত গ্রেফতার রয়েছেন চারজন। তারা হলেন- নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
আরও পড়ুন
অন্যদিকে পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
গত ২৬ এপ্রিল মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানি শেষ হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার ওপর পরিকল্পিত হামলা ও গুলিবর্ষণে ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজের নাম উল্লেখ করা হয়।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ট্রাইব্যুনালে দাবি করেন, আসামিদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ, ফোনালাপ ও অন্যান্য তথ্যপ্রমাণ রয়েছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের কথোপকথনের বিষয়টিও শুনানিতে উপস্থাপন করা হয়।
তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে তাদের অব্যাহতির আবেদন জানিয়েছে। প্রতিরক্ষা আইনজীবীদের দাবি, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ নেই এবং এ ধরনের অভিযোগ বিচারের জন্য আলাদা আইনি কাঠামো রয়েছে।
এএডি/